মেরাজ উদ্দিন শুভ :

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১১নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে শুরু হয়েছে আগাম নির্বাচনী আলোচনা। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে তরুণ ও উদীয়মান নেতা হিসেবে আলোচনায় রয়েছেন রাঢ়ীকান্দি গ্রামের বাসিন্দা ও সাবেক ছাত্রনেতা জনাব ফয়সাল আহমেদ সোহেল।

দীর্ঘদিন ধরে ছাত্রদল ও যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ফয়সাল আহমেদ সোহেল বর্তমানে মতলব উত্তর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। ছাত্রজীবন থেকে বিএনপির রাজনীতিতে সক্রিয় এই নেতা আন্দোলন-সংগ্রামে অংশ নিয়ে হামলা-মামলা ও কারাভোগের শিকারও হয়েছেন।

রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক ও মানবিক কাজের মাধ্যমে এলাকায় তিনি জনপ্রিয়তা অর্জন করেছেন বলে স্থানীয়দের দাবি। তরুণ ভোটারদের মধ্যেও তার গ্রহণযোগ্যতা রয়েছে বলে জানা গেছে।

নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে ফয়সাল আহমেদ সোহেল বলেন, দল ও সাধারণ জনগণ চাইলে তিনি নির্বাচন করবেন এবং মাদক-সন্ত্রাস দমন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও দুর্নীতিমুক্ত নাগরিক সেবা নিশ্চিত করতে কাজ করবেন।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পারিবারিক ঐতিহ্য, রাজনৈতিক অভিজ্ঞতা ও সামাজিক গ্রহণযোগ্যতার কারণে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে তিনি অন্যতম আলোচিত মুখ।