মেরাজ উদ্দিন শুভ :
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জয়নাল আবেদীন মজুমদার (৩১) নামের এক ফার্মেসী মালিককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় এলাকাবাসী |
আজ বুধবার (২৭ মে) ভুক্তভোগী শিশুর পিতা নুর ইসলাম বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় ওই ফার্মেসী মালিকের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, ভুক্তভোগী শিশুটি উপজেলার নারায়ণপুর পৌরসভার দক্ষিণ বাড়ৈগাঁও গ্রামের নূর ইসলামের মেয়ে। সে বাড়ৈগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই শিশুটিসহ তার বাড়ির একই শ্রেণির এক শিক্ষার্থী ও ঘিলাতলী ফাজিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির আরেক শিক্ষার্থীসহ তিনজন গত মঙ্গলবার (২৬ মে) সকালে ১১ টার দিকে স্থানীয় ঘিলাতলী আদর্শ বাজারে আরিফ কাজীর দোকানে চকলেট কেনার জন্য যায়। চকলেট ক্রয় শেষে ফেরার পথে জয়নাল আবেদিন মজুমদার তাদেরকে ডেকে দোকানের ভিতরে নিয়ে কলম হাতে দিয়ে শরীরের বিভিন্ন স্থানে হাত দিয়ে জড়িয়ে ধরে। পরে তারা বাড়ীতে গিয়ে বিষয়টি জানালে ওইদিন রাতে জয়নাল আবেদিনকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করে এলাকাবাসী মারধর করে ৯৯৯ ফোন দিলে মতলব দক্ষিণ থানা পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, আজ বুধবার সকালে শিশুটির বাবা নুর ইসলাম বাদী হয়ে থানায় ওই যুবকের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। পরে তাকে চাঁদপুর বিচারিক হাকিমের আদালতে প্রেরণ করা হয়েছে।
