স্টাফ রিপোর্টার:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের নমকান্দি গ্রামে ড্রেজার দিয়ে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সাদুল্লাপুর (দক্ষিণ নমকান্দি) গ্রামের স্থায়ী বাসিন্দা শ্রীদাম সরকার গত ১২ এপ্রিল এই অভিযোগ জমা দেন।
অভিযোগ সূত্রে জানা যায়, একই গ্রামের রঞ্জিত ও ভাষান নামের দুই ব্যক্তি একটি প্রভাবশালী মহলের মদদে জোরপূর্বক এজমালি পুকুর থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করার পাঁয়তারা করছে।
ভুক্তভোগীদের দাবি, ওই পুকুরটির পশ্চিম পাশে সাদুল্লাপুর নমকান্দি দুর্গা মন্দির এবং উত্তর পাশে একটি শ্মশান অবস্থিত। এছাড়া পুকুর সংলগ্ন এলাকায় ৮-১০টি পরিবার দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে। ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হলে মন্দির, শ্মশান, যাতায়াতের রাস্তা এবং স্থানীয়দের ঘরবাড়ি ধসে পড়ার বড় ধরনের ঝুঁকি তৈরি হবে। স্থানীয়রা বাধা দিতে গেলে অভিযুক্তরা প্রভাবশালী মহলের মাধ্যমে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি দিচ্ছে।
এ অবস্থায় ধর্মীয় উপাসনালয়, শ্মশান এবং বসতভিটা রক্ষায় অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন গ্রামবাসী।
এ বিষয়ে নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি বলেন,আমার কাছে যখন অভিযোগ আসছে তখন আমি এই বালু উত্তোলন বন্ধ করে দিয়েছিলাম এবং ওনারা সময় নিয়েছিল ড্রেজারের যন্ত্রপাতি সরিয়ে নেওয়ার জন্য। ড্রেজারের যন্ত্রপাতি না সরালে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
