সাহাদাত হোসেন :

​চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ছোট ঝিনাইয়া খান বাড়ী জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মো: রফিকুল ইসলামকে মারধর, লাঞ্ছিত ও সামাজিকভাব হেয় প্রতিপন্ন করার অভিযোগ উঠেছে স্থানীয় যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ইমাম বাদী হয়ে মতলব উত্তর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​গত ১৮ মে (সোমবার) দুপুর অনুমান ১২:৩০ ঘটিকায় ছোট ঝিনাইয়া এলাকার জামাল খানের ছেলে মো: রিয়াদ খান (২৪) ও ময়নাল আক্তার (৩০) ছোট ঝিনাইয়া খান মার্কেট থেকে মসজিদ সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটায় বলে ভুক্তভোগী জানান।

অভিযোগ সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে অত্যন্ত নিষ্ঠা ও সুনামের সাথে ছোট ঝিনাইয়া খান বাড়ী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিবের দায়িত্ব পালন করে আসছেন। ঘটনার দিন দুপুরে বিবাদীগণ পূর্ব শত্রুতা ও সামাজিক হিংসার জেরে লোহার পাইপ ও লাঠিসোঁটাসহ তাঁর ওপর অতর্কিত হামলা চালায়।

হামলাকারীরা তাঁকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে এবং এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম করে। এ সময় তাঁর পরনের ধর্মীয় পোশাক ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করে লাঞ্ছিত করা হয় এবং মসজিদ ছেড়ে চলে যাওয়ার জন্য প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

​এ বিষয়ে মতলব উত্তর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ইমামের ওপর হামলার একটি লিখিত অভিযোগ আমরা পেয়েছি। বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। ঘটনার তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

স্থানীয় এলাকাবাসী ও মুসল্লিরা অনতিবিলম্বে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।