নিজস্ব প্রতিবেদক:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শিশু কিশোর সমাজসেবা সংগঠনের উদ্যোগে গ্রামের সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সম্প্রতি আয়োজিত এই মানবিক কর্মসূচির মাধ্যমে এলাকার অসহায় পরিবারের বাড়িতে পোলার চাল, সেমাই, তেল, চিনি, নুডুলস, পেঁয়াজ, মসলা ও কিশমিশসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়। এতে করে উপকারভোগী পরিবারগুলোর ঈদের আনন্দ কিছুটা হলেও স্বস্তিদায়ক হয়ে ওঠে।
অনুষ্ঠানে গ্রামের সম্মানিত ইমাম, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংগঠনের উপদেষ্টা ও সদস্যরা উপস্থিত ছিলেন। কর্মসূচির শুরুতে পবিত্র দোয়ার মাধ্যমে উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত অতিথিরা বলেন, তরুণদের এমন মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর এ প্রচেষ্টা অত্যন্ত প্রশংসনীয়। তারা সংগঠনের ধারাবাহিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ আরও সম্প্রসারণের আহ্বান জানান।
সংগঠনের সভাপতি মোঃ রায়হান সরকার বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করতে পারলেই আমাদের প্রচেষ্টা সফল হবে। ভবিষ্যতেও বৃহৎ পরিসরে এমন কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
সাধারণ সম্পাদক মোঃ সাকিব সরকার বলেন, তরুণদের সম্মিলিত প্রচেষ্টায় এ উদ্যোগ বাস্তবায়ন সম্ভব হয়েছে। সমাজের সকল শ্রেণির মানুষকে মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, মানুষের কল্যাণে কাজ করার এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।
উপকারভোগী পরিবারগুলোর সদস্যরা সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, ঈদের আগে এ ধরনের সহায়তা তাদের জন্য অত্যন্ত উপকারী হয়েছে এবং পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন সহজ হয়েছে।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, সমাজের অসহায়, দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটানোই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও শিক্ষা, স্বাস্থ্যসেবা, ত্রাণ সহায়তাসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা। পাশাপাশি সমাজের সামর্থ্যবান ব্যক্তিদেরও এ ধরনের মানবিক উদ্যোগে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

Invite your network, boost your income—sign up for our affiliate program now!