স্টাফ রিপোর্টার:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের শিবপুর গ্রামে রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রবীন্দ্র সরকার (৪৫) শিবপুর গ্রামের হরিপদ সরকারের ছেলে।
মঙ্গলবার (৩০ জুন) ভোরে শিবপুর গ্রামের নিজ বাড়ির সামনে মেঘনা-ধনাগোদা বেড়িবাঁধ সংলগ্ন সড়কের নিচে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৯ জুন) রাতে রবীন্দ্র সরকার বাড়ি থেকে দোকানের উদ্দেশ্যে বের হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় তিনি সড়ক থেকে নিচে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
মঙ্গলবার সকালে রতন বাবু নামে এক পথচারী ওই সড়ক দিয়ে যাওয়ার সময় রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়দের অবহিত করেন। পরে মতলব উত্তর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে ভাঙা গাড়ির কাঁচের টুকরো উদ্ধার করা হয়েছে। এগুলো দুর্ঘটনার গুরুত্বপূর্ণ আলামত হিসেবে জব্দ করা হয়েছে।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান বলেন, “খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি অজ্ঞাত গাড়ির ধাক্কায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া ভাঙা গাড়ির কাঁচ জব্দ করা হয়েছে।”
তিনি আরও জানান, নিহতের স্বজনদের কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ঘটনাটির তদন্ত অব্যাহত রয়েছে এবং সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
