স্টাফ রিপোর্টার:
বনশ্রী সোসাইটির বহুল প্রতীক্ষিত ও মর্যাদাপূর্ণ নির্বাচনে যুগ্ম সাধারণ সম্পাদক পদে রেকর্ড সংখ্যক ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও কর্পোরেট ব্যক্তিত্ব ইঞ্জিনিয়ার মো. আলাউদ্দিন শাহ্।
নির্বাচনে শাহাবুদ্দিন রেজা পরিষদের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মো. আলাউদ্দিন শাহ্ মোট ১,০২৮ ভোট পেয়ে বিজয় অর্জন করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আইয়ুব আলী খান পান ৭৪৯ ভোট। ফলে ২৭৯ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন তিনি। একই সঙ্গে যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতাকারী সকল প্রার্থীর মধ্যে সর্বোচ্চ ভোট পাওয়ার গৌরবও অর্জন করেন তিনি।
সংশ্লিষ্টরা জানান, এই ফলাফল বনশ্রীবাসীর আস্থা, গ্রহণযোগ্যতা এবং ইঞ্জিনিয়ার মো. আলাউদ্দিন শাহ্-এর প্রতি দৃঢ় সমর্থনেরই প্রতিফলন। তাদের মতে, দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়ন, জনকল্যাণ ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ ভোটাররা তাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন।
পেশাগত জীবনে ইঞ্জিনিয়ার মো. আলাউদ্দিন শাহ্ একজন সফল উদ্যোক্তা। তিনি শাহ্ কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক এবং রহিমআফরোজ গ্রুপের চ্যাম্পিয়ন ডিস্ট্রিবিউটর হিসেবে কর্পোরেট অঙ্গনে সুপরিচিত। ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে তিনি দীর্ঘদিন ধরে বনশ্রী এলাকার উন্নয়ন, নিরাপত্তা, নাগরিক সেবা এবং বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন।
স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করে বলেন, তার দক্ষ নেতৃত্ব, অভিজ্ঞতা ও দূরদর্শী পরিকল্পনার মাধ্যমে বনশ্রী সোসাইটির প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে। একই সঙ্গে সুশাসন নিশ্চিতকরণ, নাগরিক সেবার মানোন্নয়ন এবং এলাকার সার্বিক উন্নয়নে নতুন মাত্রা যুক্ত হবে।
এদিকে, ইঞ্জিনিয়ার মো. আলাউদ্দিন শাহ্-এর এই বিজয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রহিমআফরোজ ব্যাটারিজ লিমিটেডের গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ রহিম এবং মার্কেটিং ম্যানেজার মো. আব্দুল আল মামুন খান। তারা তার সফল নেতৃত্বে বনশ্রী সোসাইটির উন্নয়ন ও অগ্রগতি আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
