স্বপ্নপূরণের আনন্দে চাঁদপুরের ৪৭তম বিসিএস সুপারিশপ্রাপ্তদের গেট টুগেদার
সোহেল রানা :
কেউ হতে যাচ্ছেন পররাষ্ট্র ক্যাডার, কেউ পুলিশ কর্মকর্তা, কেউ আবার প্রশাসনের কর্মকর্তা। আবার কেউ শিক্ষা, কাস্টমস, ট্যাক্সেশন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত। ৪৭তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত চাঁদপুরের একদল তরুণ নিজেদের সাফল্য ও দীর্ঘদিনের বন্ধুত্ব উদযাপন করতে মিলিত হয়েছেন আনন্দঘন এক গেট টুগেদারে।
৪৭তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত চাঁদপুরের কৃতি সন্তানেরা নিজেদের দীর্ঘদিনের পরিশ্রম ও স্বপ্নপূরণের স্মৃতিকে আরও স্মরণীয় করে রাখতে এই গেট টুগেদারের আয়োজন করেন। এতে পররাষ্ট্র ক্যাডারে এস এম সাফওয়ানুল হক,পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হাবিব খান, প্রশাসন ক্যাডারে মেহেরাজ মজুমদার ও জাওয়ারুল মোরসালিন আয়ন, কাস্টমস ক্যাডারে ইসমত জাহান শিলা, ট্যাক্সেশন ক্যাডারে খাদিজাতুল কোবরা কারিশমা, এবং বিসিএস শিক্ষা ক্যাডারে হাসান আল মামুন ও রাসেল আহমেদ অংশ নেন।
গত ৬ সেপ্টেম্বর দিনব্যাপী চাঁদপুরের বিভিন্ন জায়গায় বন্ধুরা মিলে আড্ডা দেন। দুপুরে সবাই একসঙ্গে চাঁদপুরের সুস্বাদু ইলিশ খান। এরপর সবাই ছুটে যান চাঁদপুর বড় স্টেশনে। সেখানে দীর্ঘদিনের পথচলা, বিসিএস প্রস্তুতির দিনগুলোর স্মৃতি আর ভবিষ্যৎ কর্মজীবনের নানা পরিকল্পনা নিয়ে চলে প্রাণবন্ত আড্ডা।
একসময় একই স্বপ্ন নিয়ে পড়াশোনা ও বিসিএসের প্রস্তুতি নিয়েছেন, আজ তাদের কেউ পুলিশ ক্যাডারে, কেউ প্রশাসন, কেউ শিক্ষা, কাস্টমস, ট্যাক্সেশন, পররাষ্ট্র ও বিসিএস শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত। স্বপ্নপূরণের এই মুহূর্তে আনন্দের পাশাপাশি তাদের কণ্ঠে ছিল দায়িত্বশীল হওয়ার প্রত্যয়। তারা বলেন, বিসিএসের মাধ্যমে দেশের মানুষের সেবা করার সুযোগ পাওয়া তাদের জন্য গর্বের বিষয়। ভবিষ্যৎ কর্মজীবনে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে তারা সবার কাছে দোয়া চেয়েছেন।
শুধু নিজেদের সাফল্য উদযাপন নয়, যারা ভবিষ্যতে বিসিএস দিতে চান তাদের জন্যও দিয়েছেন গুরুত্বপূর্ণ বার্তা। তাদের মতে, বিসিএসে সফল হতে হলে শুধু স্বপ্ন দেখলেই হবে না। নিয়মিত পড়াশোনা, কঠোর পরিশ্রম, ধৈর্য এবং নিজের লক্ষ্যের প্রতি অটুট থাকতে হবে। বারবার ব্যর্থতা এলেও হতাশ না হয়ে চেষ্টা চালিয়ে যেতে হবে।
চাঁদপুরের এই তরুণদের গেট টুগেদার যেন শুধু একটি আনন্দের আয়োজন নয়—এটি ছিল বন্ধুত্ব, স্বপ্নপূরণ আর ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণার একটি গল্প।
স্বপ্ন ছিল বিসিএস, পথ ছিল কঠিন—তবে পরিশ্রম আর অধ্যবসায়ের মাধ্যমে সেই স্বপ্ন আজ বাস্তব।
