সোহেল রানাঃ
কুমিল্লার দাউদকান্দি উপজেলার শ্রীরায়েরচর থেকে দাউদকান্দি পর্যন্ত সিএনজি ভাড়া বেড়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। আগে এ পথে জনপ্রতি ভাড়া ছিল ৫০ টাকা। বর্তমানে তা বাড়িয়ে ৮০-১০০ টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের।
বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) সরেজমিনে দেখা যায়, শ্রীরায়েরচর সিএনজি স্ট্যান্ডে পর্যাপ্ত গাড়ি নেই। যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। গাড়ি সংকটের সুযোগে অনেক চালক নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
সিএনজি চালকদের দাবি, বর্তমানে গ্যাসের সংকট রয়েছে। পর্যাপ্ত গ্যাস না পাওয়ায় গাড়ি চালাতে বেশি খরচ হচ্ছে। এ কারণে বাধ্য হয়ে ভাড়া বাড়ানো হয়েছে।
তবে যাত্রীদের অভিযোগ, ভাড়া বৃদ্ধির কারণে প্রতিদিন কর্মস্থল, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন প্রয়োজনে যাতায়াত করতে গিয়ে তাদের অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে। বিশেষ করে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের ওপর এর প্রভাব পড়ছে বেশি।
স্থানীয় যাত্রীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি নজরে নিয়ে সিএনজি ভাড়া যৌক্তিক পর্যায়ে নির্ধারণ এবং যাত্রীদের ভোগান্তি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
