কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্ব পালনকালে এপিবিএন পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. রুবেল হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার রুহিতারপাড় গ্রামের বাসিন্দা। শনিবার (৮ আগস্ট) ভোরে উখিয়ার ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পের একটি ওয়াশরুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
জানা গেছে, শুক্রবার (৭ আগস্ট) বিকেলে রোলকলে এএসআই রুবেল হোসেনকে অনুপস্থিত পাওয়া যায়। এরপর ক্যাম্পের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে তার খোঁজ করেন। তার মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
পরে শনিবার ভোরে ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পের বাবুর্চি শরীফ ওয়াশরুমের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। দরজায় ধাক্কা দিয়েও কোনো সাড়া না পেয়ে বিষয়টি সন্দেহজনক মনে হলে জানালা দিয়ে ভেতরে তাকিয়ে একজনকে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে এপিবিএনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট চিকিৎসক ও উখিয়া থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে ভেতর থেকে বন্ধ থাকা স্টিলের দরজা কেটে এএসআই রুবেল হোসেনকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
১৪ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সিরাজ আমীন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোক করে ওয়াশরুমের ভেতরেই তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ সংশ্লিষ্ট চিকিৎসকের পরীক্ষা ও আইনগত তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
এএসআই রুবেল হোসেনের আকস্মিক মৃত্যুর সংবাদে তার নিজ এলাকা চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার রুহিতারপাড় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
