নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দক্ষিণ বাড়িভাঙ্গা গ্রামে লতিফ প্রধানের বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৪ থেকে ৫ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আগুনের সূত্রপাত দেখতে পেয়ে লতিফ প্রধান ও পরিবারের সদস্যরা দ্রুত ঘর থেকে বের হয়ে যান। এতে তারা প্রাণে রক্ষা পেলেও মুহূর্তের মধ্যেই আ-গু-ন ছড়িয়ে পড়ে এবং পুরো বসতঘর পুড়ে যায়। খবর পেয়ে স্থানীয় এলাকাবাসী ও বাড়িভাঙ্গা গ্রামের যুবকরা ঘটনাস্থলে ছুটে এসে আ-গুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। পুলিশও ঘটনাস্থলে গিয়ে অগ্নিকাণ্ডের বিষয়টি খতিয়ে দেখে।

পরিবারের দাবি, আগুনে ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার, প্রয়োজনীয় কাগজপত্রসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী পুড়ে গেছে। সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৪ থেকে ৫ লাখ টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে আগুন নেভানোর সময় পরিবারের এক সদস্য আহত হয়েছেন। তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

হঠাৎ অ-গ্নি-কাণ্ডে বসতঘর ও প্রয়োজনীয় সামগ্রী হারিয়ে পরিবারটি এখন ক্ষতির মুখে পড়েছে। এক রাতেই তাদের দীর্ঘদিনের সঞ্চিত মূল্যবান সামগ্রী ও ঘর হারানোর ঘটনায় এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে।