নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাসানপুর শহীদ নজরুল সরকারি ডিগ্রি কলেজে এইচএসসি ব্যাচ ১৯৮৬-এর প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘ফ্রেন্ডস ফরএভার ’৮৬ পরিবার’-এর উদ্যোগে প্রাক্তন অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ সম্মাননা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টায় কলেজের অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে দীর্ঘদিন পর প্রিয় শিক্ষক ও সহপাঠীদের একসঙ্গে পেয়ে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে মতলব উত্তরের কালীপুর চৌধুরী বাড়ির কৃতি সন্তান, হাসানপুর শহীদ নজরুল সরকারি ডিগ্রি কলেজের এইচএসসি ব্যাচ ১৯৮৬-এর প্রাক্তন শিক্ষার্থী ও ফ্রেন্ডস ফরএভার ’৮৬ সংগঠনের সভাপতি নাসির চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজটির প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর সত্যরঞ্জন চক্রবর্তী।

অনুষ্ঠানে ফ্রেন্ডস ফরএভার ’৮৬ সংগঠনের সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন এর প্রাণবন্ত সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাসানপুর শহীদ নজরুল সরকারি ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ গোলাম মোস্তফা, রাঙামাটি সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর (অব.) বিধান চন্দ্র বড়ুয়া, দাউদকান্দির সোনালী অতীত ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. কামরুল হাসান গরীব, হাসানপুর শহীদ নজরুল সরকারি ডিগ্রি কলেজের প্রফেসর (অব.) আবুল খায়ের এবং প্রফেসর (অব.) মো. আবু নছর ভূঁইয়া।

অনুষ্ঠানে প্রাক্তন অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দকে সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি প্রাক্তন শিক্ষার্থীরা তাদের প্রিয় শিক্ষক প্রফেসর সত্যরঞ্জন চক্রবর্তীকে নিয়ে স্মৃতিচারণ করেন। শিক্ষাজীবনে তাঁর কাছ থেকে পাওয়া শিক্ষা, স্নেহ ও নানা স্মৃতির কথা তুলে ধরেন তারা।

দীর্ঘ ৪০ বছর পর প্রিয় শিক্ষককে কাছে পেয়ে অনেক প্রাক্তন শিক্ষার্থীই আবেগাপ্লুত হয়ে পড়েন। একসময় যিনি শ্রেণিকক্ষে তাদের পাঠদান করতেন, এত বছর পর সেই প্রিয় শিক্ষককে সামনে পেয়ে পুরোনো দিনের স্মৃতিগুলো যেন আবারও জীবন্ত হয়ে ওঠে। শিক্ষক-শিক্ষার্থীর ভালোবাসা ও শ্রদ্ধার এমন আবেগঘন মুহূর্তে অনুষ্ঠানস্থলে তৈরি হয় অন্যরকম পরিবেশ।

অনুষ্ঠান শেষে দাউদকান্দির সোনালী অতীত ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. কামরুল হাসান গরীবের বাড়িতে দুপুরের খাবারের আয়োজন করা হয়। সেখানে শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীরা সবাই মিলে দুপুরের খাবারে অংশ নেন এবং নিজেদের ছাত্রজীবনের নানা স্মৃতি ও বন্ধুত্বের গল্পে মেতে ওঠেন।

পরে প্রিয় শিক্ষক প্রফেসর সত্যরঞ্জন চক্রবর্তীকে সঙ্গে নিয়ে প্রাক্তন শিক্ষার্থীরা ফটোসেশনে অংশ নেন। দীর্ঘদিন পর শিক্ষক ও সহপাঠীদের এই মিলনমেলার মুহূর্তগুলো ছবি ধারণের মাধ্যমে স্মৃতি হিসেবে সংরক্ষণ করেন তারা।

‘ফ্রেন্ডস ফরএভার ’৮৬ পরিবার’-এর এ আয়োজন শুধু সম্মাননা অনুষ্ঠান নয়, বরং দীর্ঘদিন পর প্রিয় শিক্ষক ও সহপাঠীদের একত্রিত হওয়ার পাশাপাশি শ্রদ্ধা, ভালোবাসা ও বন্ধুত্বের বন্ধনকে নতুন করে স্মরণ করার এক আবেগঘন আয়োজন।