মতলব উত্তর প্রতিনিধি :
নদী রক্ষা ও সুস্থ জীবনধারার গুরুত্ব তুলে ধরতে চাঁদপুরের মতলব উত্তরে প্রথমবারের মতো ম্যারাথন দৌড়ের আয়োজন করেছে শরীরচর্চা ভিত্তিক সংগঠন ‘মতলব ফিটনেস ক্লাব’।
“নদী বাঁচলে, বাঁচবে মতলব” শ্লোগানে বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর সকাল ৬টা থেকে ৭টা পর্যন্ত এই ব্যতিক্রমধর্মী ম্যারাথন অনুষ্ঠিত হয়।
একই সঙ্গে “Run For River” শ্লোগানে ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হওয়া প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ এই ম্যারাথনে শিক্ষক, শিক্ষার্থী, তরুণ সমাজকর্মী ও স্বাস্থ্যসচেতন নাগরিকসহ ৬০ জন অংশগ্রহণকারী দৌড়ে অংশ নেন। আয়োজক সূত্র জানায়, প্রস্তুতি শেষে সকাল ৬টা ৪৫ মিনিটে আনুষ্ঠানিকভাবে ম্যারাথন শুরু হয়।
ম্যারাথনের মাধ্যমে নদী দখল, দূষণ ও ভরাটের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করার পাশাপাশি নিয়মিত শরীরচর্চার গুরুত্ব তুলে ধরা হয়। ভোরের কুয়াশা ভেদ করে দৌড়াতে থাকা অংশগ্রহণকারীদের হাতে ছিল নদী রক্ষা ও সুস্থ সমাজ গঠনের বিভিন্ন বার্তাসংবলিত প্ল্যাকার্ড।
ম্যারাথন চলাকালে অংশগ্রহণকারীদের নিরাপত্তা ও সুস্থতার কথা বিবেচনায় রেখে হাইড্রেশন পয়েন্ট, এনার্জি ড্রিঙ্ক, শুষ্ক খাবার এবং প্রাথমিক চিকিৎসা সেবা নিশ্চিত করা হয়। দৌড় শেষে অতিথিরা অংশগ্রহণকারীদের গলায় মেডেল পরিয়ে উৎসাহ প্রদান করেন, যা দৌড়বিদদের মাঝে বাড়তি অনুপ্রেরণা যোগায়।
অনুষ্ঠানে অংশ নিয়ে ডক্টরস্ এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সহকারী অধ্যাপক (নিউরোসার্জারি) ডা. মো. বশীর আহম্মেদ খান হৃদয় বলেন, “নদী ও পরিবেশ রক্ষা ছাড়া সুস্থ সমাজ গড়া সম্ভব নয়। এ ধরনের উদ্যোগ তরুণদের শুধু শারীরিকভাবে নয়, সামাজিকভাবেও দায়িত্বশীল করে তোলে। ভবিষ্যতে এমন আয়োজন আরও বিস্তৃত হবে বলে আমি আশাবাদী।”
সহকারী অধ্যাপক (শিশু) ডা. ইসমাইল হোসেন বলেন, “শিশু ও তরুণদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে খেলাধুলা ও সচেতনতামূলক কার্যক্রম অপরিহার্য। নদী রক্ষার মতো গুরুত্বপূর্ণ ইস্যুকে কেন্দ্র করে এই ম্যারাথন সময়োপযোগী উদ্যোগ। এটি তরুণদের মোবাইল ফোন ও মাদকের আসক্তি থেকে দূরে রাখতেও ভূমিকা রাখবে।”
ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেনজীর আহমেদ বলেন, “শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ ও স্বাস্থ্য সচেতনতা তৈরিতে এমন ব্যতিক্রমধর্মী আয়োজন অত্যন্ত কার্যকর। নদী রক্ষা ও সুস্থ জীবনধারার বার্তা একসঙ্গে পৌঁছে দিতে এই ম্যারাথন প্রশংসার দাবি রাখে। ভবিষ্যতে উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সম্পৃক্ত করে বড় পরিসরে আয়োজন করা যেতে পারে।”
এদিকে আয়োজক ‘মতলব ফিটনেস ক্লাব’ জানায়, ভবিষ্যতে নদী রক্ষা, মাদকবিরোধী আন্দোলন, স্বাস্থ্য সচেতনতা ও সামাজিক সমস্যা মোকাবিলায় ভিন্ন ভিন্ন শ্লোগানে নিয়মিত ম্যারাথন ও সচেতনতামূলক কার্যক্রম চালু রাখার পরিকল্পনা রয়েছে।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, এমন উদ্যোগ নদীমাতৃক মতলব অঞ্চলের পরিবেশ রক্ষা ও একটি সুস্থ, সচেতন প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
