সম্রাট সিকদার, স্টাফ রিপোর্টার:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৫নং দূর্গাপুর ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের ব্যাপক গণসংযোগ ও প্রচার-প্রচারণা। এরই ধারাবাহিকতায় চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আহসান উল্লাহ প্রধান। তিনি ইউনিয়নবাসীর কাছে দোয়া, ভালোবাসা ও সার্বিক সমর্থন কামনা করেছেন।

সম্প্রতি দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “আমি আপনাদেরই সন্তান। আপনাদের সুখ-দুঃখের সঙ্গী হয়ে জনগণের সেবা করার লক্ষ্য নিয়েই নির্বাচনে অংশগ্রহণ করেছি। জনগণের কল্যাণে কাজ করাই একজন জনপ্রতিনিধির প্রধান দায়িত্ব বলে আমি বিশ্বাস করি।”

তিনি বলেন, নির্বাচিত হওয়ার সুযোগ পেলে ৫ নং দূর্গাপুর ইউনিয়নকে একটি আধুনিক, শান্তিপূর্ণ, দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত ও উন্নয়নমুখী ইউনিয়নে রূপান্তর করতে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবেন। একই সঙ্গে শিক্ষা, অবকাঠামো উন্নয়ন, সামাজিক সম্প্রীতি, সুশাসন এবং জনসেবার মানোন্নয়নে অগ্রাধিকার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

আহসান উল্লাহ প্রধান আরও বলেন, “আপনাদের মূল্যবান পরামর্শ, সহযোগিতা ও দোয়াই আমার চলার পথের প্রেরণা। আপনাদের বিশ্বাস ও আস্থার মর্যাদা রক্ষায় সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করব, ইনশাআল্লাহ।”

তিনি ইউনিয়নবাসীর উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, “আসুন, আমরা সবাই মিলে একটি সুন্দর, নিরাপদ, মাদকমুক্ত ও সমৃদ্ধ দূর্গাপুর ইউনিয়ন গড়ে তুলি। এজন্য আমি আপনাদের আন্তরিক দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করছি।”

বার্তার শেষে তিনি ৫ নং দুর্গাপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নির্বাচনী যাত্রায় সকলের দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করেন।