নিজস্ব প্রতিনিধি :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর দক্ষিণপাড়ায় তীব্র শীতে কষ্টে থাকা অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে ‘ডাঃ শহিদ আনোয়ার ফাউন্ডেশন’। ২ জানুয়ারি ২০২৬, শুক্রবার ফাউন্ডেশনের উদ্যোগে স্থানীয় শীতার্তদের মাঝে ১০০ কম্বল বিতরণ করা হয়।

​তীব্র শীতে কাঁপছে দেশ। হাড়কাঁপানো এই ঠান্ডায় বিশেষ করে বিপাকে পড়েছেন অসহায় ও নিম্নআয়ের মানুষ। সেইসব সুবিধাবঞ্চিত মানুষের কষ্ট লাঘবে এবং মানবিকতার ডাকে সাড়া দিয়ে পাশে দাঁড়িয়েছে ‘ডাঃ শহিদ আনোয়ার ফাউন্ডেশন’।কম্বল বিতরণ কর্মসূচিতে উপস্থিত থেকে অসহায় মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: ​মোঃ ফারুক মাস্টার, ​মোঃ কবির হোসেন মেম্বার, ​মোঃ শাহাদাত হোসেন, ​মোঃ শরিফ হোসেন, ​মোঃ বাতেন প্রধান,​ মোঃ সিদ্দিক শিকদার, ​মোঃ জামাল মুন্সী। 

অনুষ্ঠানে ​ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, “ডাঃ শহিদ আনোয়ার ফাউন্ডেশন আর্তমানবতার সেবায় সব সময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এই কনকনে শীতে কোনো মানুষ যেন বস্ত্রের অভাবে কষ্ট না পায়, সেই ক্ষুদ্র প্রচেষ্টা থেকেই সাদুল্লাপুর দক্ষিণপাড়ার গরিব-অসহায় মানুষদের পাশে আমরা দাঁড়িয়েছি। তারা আরোও বলেন “ডাঃ শহিদ আনোয়ার ফাউন্ডেশন সবসময় মানবতার কল্যাণে নিবেদিত। দীর্ঘদিন ধরেই শিক্ষা, স্বাস্থ্য এবং আর্তমানবতার সেবায় কাজ করে আসছে। আমরা বিশ্বাস করি, সমাজের প্রতিটি সামর্থ্যবান মানুষের উচিত এই কঠিন সময়ে গরিব-অসহায়দের পাশে দাঁড়ানো। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা যদি একজন মানুষের কষ্টও কমাতে পারে, তবেই আমাদের সার্থকতা।”

কম্বল হাতে পেয়ে সুবিধাবঞ্চিত মানুষগুলোর মুখে হাসি ফিরে এসেছে, শীতবস্ত্র পেয়ে তারা ডাঃ শহিদ আনোয়ার ফাউন্ডেশনের জন্য দোয়া করেন।“মানুষ মানুষের জন্য”— এই মূলমন্ত্রকে ধারণ করেই এগিয়ে যাচ্ছে ‘ডাঃ শহিদ আনোয়ার ফাউন্ডেশন’। কম্বল বিতরণের এই ধারা আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে এবং পর্যায়ক্রমে আরও বড় পরিসরে সাহায্য পৌঁছে দেওয়া হবে বলে ফাউন্ডেশন সূত্রে জানানো হয়েছে।