সোহেল রানা:
বাংলাদেশ জাতীয় জাদুঘরে শুরু হওয়া ছয় দিনব্যাপী শিল্প প্রদর্শনী ‘আর্ট অব ফেইথ-২০২৬’-এ মতলবের তরুণ শিল্পী আশিক আবিদের শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে। তার শিল্পকর্ম দেখতে দর্শনার্থীদের মধ্যে আগ্রহ লক্ষ্য করা গেছে। প্রদর্শনীতে তার শিল্পকর্ম ঘিরে দর্শনার্থীদের কাছ থেকে প্রশংসা ও ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে বলে জানা গেছে।
রাজধানীর শাহবাগে বাংলাদেশ জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টাশালী গ্যালারিতে ইসলামিক কালচারাল অর্গানাইজেশন (ICO)-এর উদ্যোগে আয়োজিত এ প্রদর্শনী ১১ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। ‘শিল্পে বিশ্বাসের সৌন্দর্য, বিশ্বাসে শিল্পের আলো’ প্রতিপাদ্যে আয়োজিত প্রদর্শনীতে ইসলামী ক্যালিগ্রাফির পাশাপাশি চিত্রকলা, রেজিন আর্ট, টেক্সচার আর্ট, মিশ্র মাধ্যম, ভাস্কর্য ও সিরামিকসহ বিভিন্ন শিল্পমাধ্যমের শিল্পকর্ম স্থান পেয়েছে।
প্রদর্শনীতে অংশ নেওয়া শিল্পী আশিক আবিদের গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঘাসিরচর গ্রামে। চার ভাই-বোনের মধ্যে তিনি তৃতীয়। দীর্ঘদিন ধরে ইসলামী ক্যালিগ্রাফি ও ধর্মীয় ভাবনাভিত্তিক শিল্পকর্ম নিয়ে কাজ করছেন তিনি। শিল্পচর্চায় নিজের সৃজনশীলতা ও স্বতন্ত্র উপস্থাপনার মাধ্যমে তিনি নিয়মিত বিভিন্ন শিল্পকর্ম তৈরি করে আসছেন।
‘আর্ট অব ফেইথ-২০২৬’ প্রদর্শনীতে আশিক আবিদের শিল্পকর্মের বিষয়বস্তু ও উপস্থাপন দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করছে। বিশেষ করে ইসলামী ক্যালিগ্রাফিকে সমকালীন শিল্পভাবনার সঙ্গে উপস্থাপনের বিষয়টি দর্শনার্থীদের আগ্রহের অন্যতম কারণ বলে জানা গেছে।
আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রদর্শনীতে প্রতিষ্ঠিত শিল্পীদের পাশাপাশি নবীন ও উদীয়মান শিল্পীরাও অংশ নিয়েছেন। দেশের বিভিন্ন অঞ্চলের শিল্পীদের পাশাপাশি প্রবাসী শিল্পীরাও এতে অংশ নিচ্ছেন। বিশেষ অতিথি শিল্পী হিসেবে ভারতের গুজরাট থেকে অংশ নিয়েছেন গৌরী ইউসুফ হুসেন।
আয়োজকরা জানান, ‘আর্ট অব ফেইথ’ শুধু একটি শিল্প প্রদর্শনী নয়; বরং বিশ্বাস, সৌন্দর্য, ঐতিহ্য ও সমকালীন সৃজনশীলতার মধ্যে একটি সংযোগ তৈরির উদ্যোগ।
মতলব উত্তর উপজেলার ঘাসিরচর গ্রামের সন্তান আশিক আবিদের এমন একটি শিল্প প্রদর্শনীতে অংশগ্রহণে স্থানীয়দের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে। তার শিল্পচর্চা ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে এগিয়ে যাবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন স্থানীয় শিল্পানুরাগীরা।
