সোহেল রানাঃ
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার প্রত্যয়ে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৫নং দুর্গাপুর ইউনিয়নের ঘাসিরচর গ্রামে খিদমতে ইনসান ইসলামী স্বেচ্ছাসেবী সংগঠন-এর উদ্যোগে এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের সদস্যদের পাশাপাশি দেশ ও প্রবাসে অবস্থানরত সদস্যদের সহযোগিতায় গ্রামের বিভিন্ন স্থানে প্রায় ৫০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

সংগঠনের সভাপতি আশিকুর রহমান বলেন, খিদমতে ইনসান একটি সম্পূর্ণ অরাজনৈতিক ইসলামী স্বেচ্ছাসেবী সংগঠন। আমাদের লক্ষ্য হলো সমাজকে সুন্দর, পরিচ্ছন্ন ও মাদকমুক্ত রাখা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো। ইসলামের শিক্ষা ও মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করেই আমরা মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছি।

তিনি আরও বলেন, আমাদের গ্রামে ৭ থেকে ৮টি কবরস্থান রয়েছে। সংগঠনের পক্ষ থেকে প্রতি সপ্তাহে একটি করে কবরস্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। এছাড়া পবিত্র মাহে রমজানে অসহায় মানুষের মাঝে ইফতারসামগ্রী বিতরণসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করা হয়।আজকের বৃক্ষরোপণ কর্মসূচিও সেই ধারাবাহিকতার অংশ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমরা ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখতে পারি।

সংগঠনের সহ-সভাপতি রাজিব হোসেন বলেন, মানবসেবার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনই আমাদের মূল উদ্দেশ্য। ইসলাম পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণের প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছে। বৃক্ষরোপণ শুধু পরিবেশ রক্ষাই নয়, এটি একটি মহান ইবাদত এবং সদকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত। আমরা যদি প্রত্যেকে অন্তত একটি করে গাছ লাগাই, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলা সম্ভব হবে। তিনি সংগঠনের কার্যক্রম সফলভাবে পরিচালনার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।

এদিকে, খিদমতে ইনসান ইসলামী স্বেচ্ছাসেবী সংগঠনের এ ব্যতিক্রমী ও জনকল্যাণমূলক উদ্যোগকে স্থানীয় গ্রামবাসী সাধুবাদ জানিয়েছেন। তারা বলেন, পরিবেশ রক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে এমন উদ্যোগ অন্যদেরও অনুপ্রাণিত করবে। পাশাপাশি তারা সংগঠনের ধারাবাহিক মানবিক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।