সোহেল রানাঃ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের তালতলী গ্রামের ভুট্টো সওদাগরের পরিবারের হাতে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মরণোত্তর বীমা দাবির ২ লাখ ১৬ হাজার ২৪০ টাকার চেক হস্তান্তর করা হয়েছে।
জানা যায়, সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মতলব উত্তর উপজেলার সুজাতপুর মেট্রো অফিসের আওতাধীন বাগানবাড়ি ইউনিয়নের তালতলী গ্রামের বাসিন্দা ভুট্টু সওদাগর প্রায় ৮ মাস আগে তার সন্তানের নামে একটি শিক্ষা বীমা পলিসি এবং একটি বাৎসরিক বীমা পলিসি গ্রহণ করেন। এর মধ্যে বাৎসরিক পলিসিতে ১২ হাজার টাকা এবং মাসিক পলিসিতে প্রতি মাসে ১ হাজার টাকা করে ৮ মাসে ৮ হাজার টাকা জমা দেন। দুইটি পলিসিতে তার মোট জমার পরিমাণ ছিল ২০ হাজার টাকা।
পলিসি গ্রহণের প্রায় ৮ মাস পর পলিসি হোল্ডার ভুট্টু সওদাগর মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে জমা দেওয়ার মাত্র চার দিনের মধ্যেই সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের নিয়ম অনুযায়ী মরণোত্তর বীমা দাবির চেক প্রস্তুত করা হয়। পরে তার স্ত্রী ও নমিনি রত্না বেগমের হাতে ২ লাখ ১৬ হাজার ২৪০ টাকার চেক তুলে দেওয়া হয়।
৫ আগস্ট ২০২৬ বুধবার বিকেলে ধনাগোদা তালতলী স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ উপলক্ষে বীমা চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সুজাতপুর মেট্রো অফিসের ব্রাঞ্চ ম্যানেজার মো. সজীব হোসেনের সভাপতিত্বে এবং ইউনিট ম্যানেজার শরীফ মজুমদারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন সোনালী লাইফ ইন্সুরেন্স এর এজিএম মো. ওবায়দুর রহমান মন্ডল।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইউনিট ম্যানেজার ইব্রাহিম খলিল, ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সাংবাদিক একেএম গোলাম নবী খোকন, অবসরপ্রাপ্ত সার্জেন্ট শহিদুল হক, বাগানবাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য মো. সেলিম, মো. মহন প্রমুখ।
এ সময় ধনাগোদা তালতলী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. ফারুক হোসেন, ইউনিট ম্যানেজার শরীফ হোসেন, তাকিয়া মেম্বার, শিল্পী আক্তার, জুলহাস বেপারীসহ সোনালী লাইফ ইন্স্যুরেন্সের গ্রাহক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
